শিরোনাম

South east bank ad

অনলাইন পোর্টালকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রতিমন্ত্রীর

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন   |   মন্ত্রী

অনলাইন পোর্টালকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রতিমন্ত্রীর
সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণের আত্মত্যাগ বিবেচনায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড বজায় রাখা জরুরি। এ জন্য সংবাদমাধ্যমে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে। মানসম্মত সংবাদ ও ভালো কনটেন্ট নিশ্চিত করা না গেলে পাঠকের আগ্রহ ধরে রাখা কঠিন হবে।

সভায় অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে বিজ্ঞাপন, সরকারি ক্রোড়পত্রের ডিজিটাল সংস্করণ, পোর্টালের অডিট এবং নিবন্ধন নবায়ন ফি বাতিলসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এসব দাবির অধিকাংশ যৌক্তিক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের পক্ষে সব দাবি একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয়। তবে সরকার অনলাইন গণমাধ্যমকে সহযোগিতা করতে আগ্রহী।

তিনি আরও বলেন, অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এ খাতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। নীতিমালা তৈরির আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে।

সভায় ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদার নিবন্ধিত ও সরকারি নিয়মনীতি অনুসরণকারী অনলাইন পোর্টালগুলোর টিকে থাকার স্বার্থে সরকারি বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো) প্রতিবছর নিবন্ধন নবায়নের পরিবর্তে অডিটের আওতায় আনা এবং নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান। পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যমের মালিকানা ও উত্তরাধিকার সংক্রান্ত সুস্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।

মতবিনিময় সভায় সংগঠনের সহসভাপতি লতিফুল বারী হামিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশরাফুল কবিরসহ নির্বাহী কমিটির সদস্যরা বক্তব্য দেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: