আবদুল লতিফের বিরুদ্ধে মামলা করবে দুদক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১০ ও ১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আবদুল লতিফের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার প্রাথমিক সত্যতা পেয়েছে কমিশন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাবেক সংসদ সদস্য এম এ আবদুল লতিফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন।
দুদকের তথ্য অনুযায়ী, অসৎ উদ্দেশ্যে নিজের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন আবদুল লতিফ।
এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।


