শিরোনাম

South east bank ad

অক্টোবরে দুদকের ৮৫ মামলা, ১৬৯ আসামি

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন   |   দুদক

অক্টোবরে দুদকের ৮৫ মামলা, ১৬৯ আসামি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়ন্ত্রণ কক্ষে গত অক্টোবর মাসে ১৬৯ জনের বিরুদ্ধে ৮৫টি এজাহার, ২৫টি চার্জশিট এবং পাঁচটি চূড়ান্ত প্রতিবেদন (এফআর) সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। একই সময়ে নতুন অনুসন্ধান শুরু হয়েছে ৬৭টি এবং ১০টি অনুসন্ধান পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া ৫৭টি সম্পদ বিবরণীর আদেশ কমিশন অনুমোদন করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো অক্টোবর মাসের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে ৮৪ জনের বিরুদ্ধে ২৫টি চার্জশিট দাখিলের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ১৩ জনকে অব্যাহতি দিয়ে পাঁচটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। নতুন অনুসন্ধান শুরু হয়েছে ৬৭টি এবং ১০টি অনুসন্ধান নিষ্পত্তি করা হয়েছে।

এর আগের মাস সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ কক্ষে ২৯৩ জনের বিরুদ্ধে ৫৪টি এজাহারের তথ্য পাওয়া যায়। ওই মাসে ৮৭ জনের বিরুদ্ধে ২২টি চার্জশিট এবং ২১ জনকে অব্যাহতি দিয়ে চারটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। এ ছাড়া ২০৬টি নতুন অনুসন্ধান শুরু, ছয়টি অনুসন্ধান নিষ্পত্তি এবং ২৪টি সম্পদ বিবরণীর আদেশ কমিশন অনুমোদন করে।

অন্যদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আবদুল লতিফের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।

নথি অনুযায়ী, আবদুল লতিফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময়ের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগটি যাচাই-বাছাই করা হয়েছে।
BBS cable ad