জাহাজ নির্মাণে তহবিল ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে বললেন শিল্পমন্ত্রী
দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে উদ্যোক্তাদের কাছে দ্রুত অর্থ পৌঁছানো এবং তহবিল ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাহাজ নির্মাণ শিল্পে অর্থায়ন, তহবিল দ্রুত ছাড়করণ ও সহায়তা বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের জাহাজ নির্মাণ শিল্পে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলক কম। তাই এ খাতের বাস্তব চাহিদা ও সক্ষমতা বিবেচনায় নিয়ে উপযোগী অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি তহবিল বিতরণের পাশাপাশি নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও অর্থায়নের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, শিল্পটির বিকাশে সহজ অর্থায়নের পাশাপাশি কার্যকর প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে হবে। সরকারি ব্যবস্থাপনায় আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
শিল্পমন্ত্রী আরও বলেন, জাহাজ নির্মাণ শিল্পের লক্ষ্য শুধু তাৎক্ষণিক মুনাফা অর্জন নয়; বরং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো এবং রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে এ খাতের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো। এ জন্য নতুন উদ্যোক্তা তৈরি, পরবর্তী প্রজন্মকে শিল্পের সঙ্গে সম্পৃক্ত করা এবং পেশাদার করপোরেট সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।
বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি খাতের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান তিনি।
সভায় শিল্প সচিব আব্দুন নাসের খান, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ নির্মাণ শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।


