সড়ক নিরাপত্তায় কার্যকর আইন ও জবাবদিহির আহ্বান
সড়কে প্রাণহানি কমাতে শুধু চালকের সচেতনতা নয়, কার্যকর আইন, জবাবদিহি এবং সমন্বিত সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক তরুণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের সচেতনতা বাড়ালেই হবে না, সড়ক ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য কার্যকর ও যুগোপযোগী সড়ক নিরাপত্তা আইন, আইনের যথাযথ প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি।
নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি বলেন, সড়ক দুর্ঘটনাকে শুধু চালকের ভুল হিসেবে দেখার সুযোগ নেই। সড়কের নকশা, যানবাহনের অবস্থা, গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগসহ বিভিন্ন বিষয় দুর্ঘটনার সঙ্গে জড়িত। তাই মানুষের ভুলের সম্ভাবনা বিবেচনায় নিয়ে এমন নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো ভুলের কারণে প্রাণহানি না ঘটে।
তিনি নিরাপদ অবকাঠামো, নিয়ন্ত্রিত গতি, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সড়ক নিরাপত্তা আন্দোলনে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান।
কর্মশালায় বিভিন্ন যুব সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক তরুণ অংশ নেন। এ সময় নিরাপদ সড়ক গঠনে তরুণদের ভূমিকা, কার্যকর আইন বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।


