শিশু দিবাযত্ন কেন্দ্র আইন সংশোধন করা হবে: মন্ত্রী
কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কর্মজীবী মায়েরা যেন নিশ্চিন্তে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়ানো হচ্ছে। আগামী বছরের মধ্যেই দেশের শিশু দিবাযত্ন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী নারীদের স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ তৈরিতে সরকার কাজ করছে। নারীদের শিক্ষা গ্রহণের প্রতিবন্ধকতা দূর করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের অন্যতম বাধা। শহরের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজনই শিশু পরিচর্যার সুবিধা না থাকায় কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না। এ পরিস্থিতি পরিবর্তনে দ্রুত ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।


