শিরোনাম

South east bank ad

নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন   |   বিজিবি

নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

 
চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
 
সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

আরও জানানো হয়, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েনকৃত সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
BBS cable ad