শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের জন্য আবেদন করার বিষয়টি তিনি শুনেছেন। তবে এর সত্যতা এখনো নিশ্চিত নন।
মন্ত্রী জানান, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং দণ্ডিত আসামি হিসেবে তার আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বাস ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং তা প্রতিহত করছে।


