২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা, বাজেট শৃঙ্খলা ও টেকসই অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ঋণ সম্মেলন বাংলাদেশ-২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ঋণের আসল ও সুদ পরিশোধের ক্রমবর্ধমান চাপ, রাজস্ব আহরণে দুর্বলতা এবং বাজেটে ব্যয়ের সীমিত সুযোগ দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ। তাই ঋণের প্রতিটি টাকা অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
তিনি জানান, অর্থায়নের বিকল্প উৎস হিসেবে সরকার সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং মিশ্র অর্থায়নের বিষয়টি বিবেচনা করছে। আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।
সম্মেলনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি বলেন, ঋণের দায় বহনের সক্ষমতা বিবেচনায় নিয়ে ইউরোবন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহের সম্ভাবনা খতিয়ে দেখা উচিত। বিদেশি বিনিয়োগ আকর্ষণে অর্থনীতির ভিত শক্তিশালী করা, লেনদেনে স্বচ্ছতা এবং বিনিয়োগের অর্থ ফেরত নেওয়ার নির্ভরযোগ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সরকারের ঋণ গ্রহণে স্বচ্ছতা বাড়াতে এবং ভবিষ্যৎ ঋণের বিষয়ে আগাম ধারণা দিতে অর্থ বিভাগ বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে বৈদেশিক ঋণের বার্ষিক সুদ পরিশোধের ব্যয় দ্বিগুণের বেশি হওয়ার প্রক্ষেপণ রয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বাড়ায় বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের সুযোগ সংকুচিত হচ্ছে। ২০২০-২১ অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় ছিল জিডিপির ২ দশমিক ৩ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ৩ শতাংশ হয়েছে।
তিনি সরকারি ঋণের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ, অভ্যন্তরীণ বন্ডবাজার সম্প্রসারণ এবং প্রকল্প মূল্যায়ন ও সরকারি ক্রয়ব্যবস্থা জোরদারের পরামর্শ দেন।
অর্থ বিভাগের অর্থ বিভাগ ও এডিবির যৌথ আয়োজনে ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা এবং এডিবি, বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।


