South east bank ad

বিপিসির অনুমতি ছাড়াই অবৈধ রিফাইনারি নির্মাণ সুপার পেট্রোকেমিক্যালের, উৎপাদনের তোড়জোড়!

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন   |   অন্যান্য

বিপিসির অনুমতি ছাড়াই অবৈধ রিফাইনারি নির্মাণ সুপার পেট্রোকেমিক্যালের, উৎপাদনের তোড়জোড়!
 
চট্টগ্রামের কর্ণফুলীতে সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনাগার নির্মাণের অভিযোগ উঠেছে টিকে গ্রুপের প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিএল)-এর বিরুদ্ধে। শুধু স্থাপনা নির্মাণই নয়, বিপিসির অনুমোদন ছাড়াই রিফাইনারির জন্য বিপুল পরিমাণ মূলধনি যন্ত্রপাতি আমদানির বিষয়টিও সামনে এসেছে। এর মধ্যেই বছরে ১২ লাখ টন অপরিশোধিত তেল আমদানির অনুমতি চেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় দেশের জ্বালানি খাতের নীতিমালা, আমদানি প্রক্রিয়া, কারিগরি সক্ষমতা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, প্রয়োজনীয় যাচাই-বাছাই ও অনুমোদন ছাড়া রিফাইনারিটির উৎপাদন কার্যক্রমের অনুমতি দেওয়া হলে জ্বালানি নিরাপত্তা ও পরিবেশগত সুরক্ষা ঝুঁকিতে পড়তে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের জুলাই থেকে এসপিএল কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্ট হিসেবে কার্যক্রম পরিচালনার অনুমোদন পায়। প্রতিষ্ঠানটির অনুমোদিত কার্যক্রমের আওতায় গ্যাসক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট ও ন্যাপথা প্রক্রিয়াজাত করার কথা। তবে এই অনুমোদনের বাইরে গিয়ে ক্রুড অয়েল পরিশোধনের উপযোগী স্থাপনা নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

অনুমোদন ছাড়াই নির্মাণকাজ, স্বীকার করলেন বিপিসির কমিটি প্রধান
বিষয়টি খতিয়ে দেখতে বিপিসির গঠিত সাত সদস্যের একটি কমিটি সম্প্রতি সুপার পেট্রোকেমিক্যালের প্ল্যান্ট পরিদর্শন করেছে। পরিদর্শনের পর কমিটির প্রধান ও বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন সাংবাদিকদের জানান, সরকারের অনুমোদন না থাকলেও প্রতিষ্ঠানটির রিফাইনারি নির্মাণকাজ চলছে। সেখানে নতুন ট্যাংক নির্মাণের পাশাপাশি ক্রুড প্রসেসিং প্ল্যান্টের উন্নয়নকাজও করা হয়েছে।

তিনি জানান, প্রতিষ্ঠানটি প্ল্যান্ট-সংশ্লিষ্ট কিছু নথিপত্র কমিটির কাছে জমা দিয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। নীতিমালার বাইরে গিয়ে ইউনিট-২ ও ইউনিট-৩ নির্মাণের বিষয়টিও কমিটির প্রতিবেদনে তুলে ধরা হবে।

বিপিসির অনুমোদন ছাড়া কীভাবে বিপুল পরিমাণ মূলধনি যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসাইন বলেন, এসপিএল এসব যন্ত্রপাতি ও অন্যান্য মেশিনারিজ আমদানির জন্য বিপিসির কাছে কোনো অনুমোদন চায়নি।

এর আগে ১০ নভেম্বর এক অফিস আদেশে বিপিসির সচিব শাহিনা সুলতানা সাত সদস্যের এই কমিটি গঠন করেন। তিন দিনের মধ্যে রিফাইনারিটির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন কমিটির প্রধান। তাঁর ভাষ্য, প্ল্যান্ট পরিদর্শনের পর প্রতিষ্ঠানটির কাছে আরও কিছু বিষয়ে ব্যাখ্যা ও নথিপত্র চাওয়া হতে পারে। কমিটির সদস্যদের পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতেই প্রতিবেদন তৈরি করা হবে।

গত ১১ নভেম্বর সন্ধ্যায় তিন ঘণ্টার বেশি সময় ধরে প্ল্যান্টটি পরিদর্শন করে কমিটি। তবে এই পরিদর্শনে রিফাইনারির প্রকৃত উৎপাদন সক্ষমতা কিংবা যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছেন জাহিদ হোসাইন। তিনি বলেন, প্রতিটি যন্ত্রপাতি বা প্ল্যান্ট চালু করে দেখা হয়নি। ইনপুট ও আউটপুট ঠিকভাবে হচ্ছে কি না, সেসব কারিগরি বিষয় টেকনিক্যাল কমিটি যাচাই করবে। চূড়ান্ত অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

২০২৩ সালের নীতিমালায় পূর্বানুমোদনের বাধ্যবাধকতা
'বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন নীতিমালা-২০২৩'-এর ৬ ও ৭ ধারায় রিফাইনারি স্থাপন, যন্ত্রপাতি ও ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন এবং বৈধ লাইসেন্স থাকার বাধ্যবাধকতা রয়েছে। অভিযোগ অনুযায়ী, এসপিএল এসব শর্ত পূরণ না করেই রিফাইনারি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, 'বেসরকারি পর্যায়ে স্থাপিত ফ্রাকশনেশন প্ল্যান্টের জন্য কনডেনসেট নীতিমালা, ২০১৪' অনুযায়ী, এ ধরনের প্ল্যান্টে উৎপাদিত পণ্য কেবল বিপিসির কাছে বিক্রি অথবা বিদেশে রপ্তানি করা যাবে। স্থানীয় খোলা বাজারে এসব পণ্য বিক্রির সুযোগ নেই।

জাতীয় শিল্পনীতির পরিশিষ্ট-৭ অনুযায়ী, ক্রুড অয়েল রিফাইনারি একটি সংবেদনশীল ও নিয়ন্ত্রিত খাত। এ খাতে বিনিয়োগ কিংবা যন্ত্রপাতি আমদানির আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনাপত্তিপত্র নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ছাড়া একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন। এর মধ্যে রয়েছে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধন।

এসপিএল এসব প্রয়োজনীয় অনুমোদন ও শর্ত যথাযথভাবে পূরণ করেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

কাস্টমস আইনে শাস্তির বিধান
জাতীয় শিল্পনীতি ও জ্বালানি খাতের বিধিমালার পাশাপাশি যন্ত্রপাতি আমদানির প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, রাষ্ট্রীয় পূর্বানুমোদন ছাড়া সাধারণ শিল্পের নামে রিফাইনারির মূলধনি যন্ত্রপাতি আমদানি করা হয়ে থাকলে তা কাস্টমস আইন, ২০২৩-এর লঙ্ঘন হতে পারে।

আইনটির ৩৩, ৮১ থেকে ৮৬ এবং ১৭১(১) ধারায় আমদানি-সংক্রান্ত তথ্য গোপন বা ভুল ঘোষণার বিষয়ে বিধান রয়েছে। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে যন্ত্রপাতি বাজেয়াপ্ত, পণ্যের মূল্যের দুই থেকে চার গুণ পর্যন্ত জরিমানা এবং ফৌজদারি বিচারে কারাদণ্ডের বিধান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে। এ ছাড়া আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫০ অনুযায়ীও নির্দিষ্ট অপরাধে এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক-কর যথাযথভাবে পরিশোধ করা হয়েছে কি না, কিংবা যন্ত্রপাতির ঘোষণার আড়ালে অন্য কোনো পণ্য আমদানি করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১২ লাখ টন ক্রুড অয়েল আমদানির তোড়জোড়
বিতর্কের মধ্যেই এসপিএল তাদের রিফাইনারিতে ব্যবহারের জন্য বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে বিপিসিতে তোড়জোড় শুরু করেছে। এর মধ্যে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির জন্য দৌড়ঝাঁপ করছে।

অনুসন্ধানে পাওয়া নথি অনুযায়ী, গত ২৭ অক্টোবরের একটি চিঠিতে প্রতিষ্ঠানটি বিপিসির ১০ আগস্টের পত্রের সূত্র উল্লেখ করে ২০২৭ সালে সম্ভাব্য জ্বালানি সরবরাহের পরিকল্পনা তুলে ধরে।

চিঠিতে বলা হয়, ২০২৭ সালে বিপিসিকে ২ লাখ ৫৬ হাজার ৫০০ টন অকটেন, ১ লাখ ১৯ হাজার টন পেট্রোল, ৪ লাখ ৬৬ হাজার ৫০০ টন ডিজেল এবং ৩ লাখ ৬১ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল (এইচএফও) সরবরাহের পরিকল্পনা রয়েছে। এসব জ্বালানি উৎপাদনের জন্য চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানি প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

তবে প্রতিষ্ঠানটির আমদানি আবেদনে কনডেনসেট ও লাইট ক্রুডের সংজ্ঞাগত ও গুণগত পার্থক্য যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, কনডেনসেট ও লাইট ক্রুড এক ধরনের কাঁচামাল নয়। কনডেনসেট মূলত প্রাকৃতিক গ্যাসের সঙ্গে পাওয়া তরল উপজাত। অন্যদিকে, ক্রুড অয়েল আসে তেলক্ষেত্র থেকে। উৎস, গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে দুটির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

সরকারের আবেদন প্রত্যাখ্যানের পরও নির্মাণকাজের অভিযোগ
এসপিএলের ক্রুড অয়েল আমদানির অনুমতি না থাকার বিষয়টি নিয়েও সরকারি নথির উল্লেখ পাওয়া গেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল আমদানির আবেদন নামঞ্জুর করে। চিঠির স্মারক নম্বর ২৮.০০.০০০০.০০০.০২৬.১৯.০০৬৫.২০.৪৪৯।

সরকারের পক্ষ থেকে আবেদন প্রত্যাখ্যানের পরও প্রতিষ্ঠানটির অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি আমদানির কার্যক্রম অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। ফলে সরকারি সিদ্ধান্ত ও বিদ্যমান নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

উৎপাদনের অনুমোদন নিয়ে জ্বালানি খাতে উদ্বেগ
জ্বালানি বিভাগ ও বিপিসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, প্রয়োজনীয় অনুমোদন ও শর্ত পূরণ না হলেও প্রতিষ্ঠানটিকে উৎপাদনের অনুমতি দেওয়ার সুপারিশ তৈরিতে একটি প্রভাবশালী মহল তৎপর রয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, রিফাইনারির মতো কৌশলগত শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কারিগরি সক্ষমতা, যন্ত্রপাতির কার্যকারিতা, পরিবেশগত সুরক্ষা এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব বিষয় যথাযথভাবে যাচাই না করে উৎপাদনের অনুমতি দেওয়া হলে দেশের জ্বালানি সরবরাহব্যবস্থা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

তারা আরও বলছেন, সরকারের নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় মান যাচাই ছাড়া কোনো রিফাইনারি পরিচালিত হলে মানহীন জ্বালানি বাজারজাতকরণ, শুল্ক-কর ফাঁকি এবং রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি দেশের কৌশলগত জ্বালানি মজুত ও সরবরাহব্যবস্থার ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার ঝুঁকিও রয়েছে।

এ পরিস্থিতিতে এসপিএলের যন্ত্রপাতি আমদানি, নির্মাণকাজ, শুল্ক পরিশোধ এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদনের বিষয়গুলো উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বিপিসির গঠিত সাত সদস্যের কমিটিতে বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন। কমিটির অন্য সদস্যরা হলেন ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) উপমহাব্যবস্থাপক (অপারেশন), উপমহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং), জিওপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন), এমপিপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন) এবং ইআরপিএলসির সহকারী মহাব্যবস্থাপক (প্ল্যানিং)।
BBS cable ad

অন্যান্য এর আরও খবর: