South east bank ad

বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হচ্ছে ৩৫ বাণিজ্যিক জলযান

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন   |   অন্যান্য

বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হচ্ছে ৩৫ বাণিজ্যিক জলযান
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বহরে নতুন জলযান যুক্ত করা এবং নির্মাণাধীন জাহাজগুলো দ্রুত সার্ভিসে নিয়োজিত করার বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিআইডব্লিউটিসির সম্মেলন কক্ষে সংস্থাটির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্য, প্রকৌশল, মেরিন, ইঞ্জিনিয়ারিং ও প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজগুলোর বর্তমান অবস্থা, নির্মাণাধীন ৩৫টি বাণিজ্যিক জলযান এবং ৮টি সহায়ক জলযান সংগ্রহ ও সেগুলো পরিচালনার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুটি নতুন স্লিপওয়ে নির্মাণের বিষয়েও পর্যালোচনা করা হয়।

সভায় জানানো হয়, বিআইডব্লিউটিসির জন্য নির্মাণাধীন ৩৫টি জলযানের মধ্যে তিনটি ক্রুজ ভেসেল রয়েছে। এসব জাহাজ পরিচালনার জন্য সংস্থাটিতে প্রয়োজনীয় অভিজ্ঞ জনবল না থাকায় বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া নির্মাণাধীন চারটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজের কাঠামো পরিবর্তন করে সারা বছর সমুদ্রে চলাচল উপযোগী রোপ্যাক্স ফেরিতে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, বিআইডব্লিউটিসির জন্য চারটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ, তিনটি ক্রুজ জাহাজ এবং আটটি সি-ট্রাকসহ মোট ১৮টি জলযান নির্মাণাধীন রয়েছে। নবনির্মিত আটটি সি-ট্রাকের মধ্যে ‘নিঝুম দ্বীপ’ নামের একটি ইতোমধ্যে সংস্থার বহরে যুক্ত হয়ে যাত্রীসেবা দিচ্ছে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী নির্মাণাধীন জলযানগুলো নির্ধারিত সময়ে সংস্থার নৌবহরে যুক্ত করতে তদারকি বাড়ানো এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি জলযানগুলো দ্রুত ও কার্যকরভাবে পরিচালনায় সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

BBS cable ad

অন্যান্য এর আরও খবর: