South east bank ad

বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসদৃশ বস্তু জব্দ

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন   |   দেশ

বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসদৃশ বস্তু জব্দ
রেক্টামে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু, সঙ্গে অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্ট। চোরাচালানের অভিনব কৌশলে দুবাই থেকে ঢাকায় আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এসব বস্তুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টায় ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ।


আটক যাত্রীর নাম হাসান মিয়া। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
তিনি দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করা হয়। পরে তার শরীরে বহন করা সন্দেহজনক বস্তুর উপস্থিতি শনাক্ত করতে এক্স-রে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার রেক্টামে লুকানো স্বর্ণসদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।

এরপর তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় আরো প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুর ওজন প্রায় এক কেজি। প্রাথমিক হিসাবে এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

তবে উদ্ধার করা বস্তুগুলোতে প্রকৃত স্বর্ণের পরিমাণ কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরীক্ষা ও পরিশোধন প্রক্রিয়া সম্পন্ন হলে স্বর্ণের প্রকৃত পরিমাণ ও বিশুদ্ধতা জানা যাবে বলে জানিয়েছে অধিদপ্তর।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। শুধু বাহককে আটক করেই তদন্ত শেষ করতে চায় না সংস্থাটি। এর পেছনে থাকা চক্রের সদস্য, অর্থায়নকারী ও নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

এজন্য দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত চালানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।

চোরাচালানের প্রচলিত কৌশলের বাইরে শরীরের অভ্যন্তরে এবং পরিহিত পোশাকের কাপড়ে স্বর্ণসদৃশ বস্তু বহনের এ ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ও শুল্ক গোয়েন্দাদের নজরদারিতে নতুন করে গুরুত্ব তৈরি করেছে।
BBS cable ad