শিরোনাম

South east bank ad

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা থেকে গ্রেপ্তার

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন   |   দেশ

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা থেকে গ্রেপ্তার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠাণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকার বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর ডিবি পুলিশ।

আজ শনিবার তাকে আদালতে নেওয়া হতে পারে।

মোজহারুল ইসলাম তালুকদারের পরিবার ও ডিবি পুলিশের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মোজহারুল ইসলাম তালুকদার আত্মগোপনে ছিলেন। তিনি টাঙ্গাইল থানায় করা মামলার আসামি।

টাঙ্গাইলের কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘মোজহারুল ইসলাম তালুকদারের আটকের বিষয়টি শুনেছি।’

মোজহারুল ইসলাম তালুকদার কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত মোজাফফর আলী তালুকদারের বড় ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়ন পরিষদ এবং কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
BBS cable ad