বিমানবাহিনীর ৩৯ বৈমানিকের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ
বিমানবাহিনীর ১০ম বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্স সম্পন্ন করেছেন ৩৯ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোরে বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বক্তব্যে তিনি কোর্স সম্পন্ন করায় কর্মকর্তাদের অভিনন্দন জানান। একই সঙ্গে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ভবিষ্যৎ উড্ডয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন। তিনি সবসময় উড্ডয়ন নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিমানবাহিনী সূত্র জানায়, কোর্সে অংশ নেওয়া ৩৯ কর্মকর্তার মধ্যে ১৫ নম্বর স্কোয়াড্রনের ১৪ জন এবং ১৮ নম্বর স্কোয়াড্রনের ২৫ জন বৈমানিক রয়েছেন।
কে-৮ডব্লিউ যুদ্ধবিমানের মাধ্যমে পরিচালিত বেসিক জেট ও ফাইটার কনভার্সন কোর্সে বৈমানিকদের যুদ্ধবিমান পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয়। এর মধ্যে রয়েছে গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন, এয়ার টু গ্রাউন্ড ও এয়ার টু এয়ার ফায়ারিং, ফাইটার গ্রাউন্ড অ্যাটাক, বেসিক ফাইটার ম্যানুভার এবং এয়ার কমব্যাট ম্যানুভার। অন্যদিকে, বেল-২০৬ ও এডব্লিউ-১১৯ হেলিকপ্টারের মাধ্যমে বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সে হেলিকপ্টার পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয়।
অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা), সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদরের সংশ্লিষ্ট পরিচালক, বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, বিমানবাহিনী প্রধান যশোরে ঘাঁটিতে একটি ক্ষুদ্রাস্ত্রের ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন। পরে বিমানবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র পরিদর্শন করেন এবং ফায়ারিং অনুশীলনে অংশ নিয়ে সেগুলোর কার্যকারিতা যাচাই করেন। এ ছাড়া ঘাঁটির অপারেশনাল কার্যক্রমের আওতায় নির্মাণাধীন বিভিন্ন স্থাপনাও পরিদর্শন করেন তিনি।


