ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, রমনা বিভাগে ২৯ জন এবং গুলশান বিভাগে ২৩ জন রয়েছেন। এছাড়া এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩ পিস ইয়াবা ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


