ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪১
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৮টি মামলা দায়ের এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও বিভিন্ন যানবাহন উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১৪৯, তেজগাঁওয়ে ৭৭, ওয়ারীতে ৬৭, মতিঝিলে ৬০, লালবাগে ৬১, গুলশানে ৫৩, উত্তরা বিভাগে ৪৯, রমনায় ২৪ এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা, চারটি বিলাসবহুল গাড়ি, একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


