South east bank ad

নানক পরিবারের বিরুদ্ধে তিন মামলা করবে দুদক

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন   |   দুদক

নানক পরিবারের বিরুদ্ধে তিন মামলা করবে দুদক
সাবেক সংসদ সদস্য ও পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং বিপুল অঙ্কের সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে এসব মামলা করা হচ্ছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানক সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তার নামে পরিচালিত ৩১টি ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ লাখ ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশাপাশি তার নামে পরিচালিত ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

অন্যদিকে, নানকের মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নামে পরিচালিত ১০টি ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি।

দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হবে।

অন্যদিকে, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় পৃথক মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে দুদক।

BBS cable ad