South east bank ad

ইঞ্জিন বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন   |   অন্যান্য

ইঞ্জিন বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড
রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং যাত্রা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।

এ সময় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করে।

উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
BBS cable ad