যাত্রাবাড়ীতে হত্যা ও দস্যুতায় গ্রেফতার ৪
রাজধানীর যাত্রাবাড়ীতে রাইড শেয়ারিং চালককে হত্যা এবং অপর এক চালকের কাছ থেকে মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের পৃথক ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন জোবায়ের আহাম্মেদ ইমন (৩৩), মোছা. জারা (২৫), সৈয়দ আব্দুল্লাহ আহাম্মেদ (২২) ও মো. নূর আলম খান ওরফে রবিন (২৯)।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর দিবাগত রাতে কুতুবখালী বড় মাদ্রাসার পেছনের গলিতে রাইড শেয়ারিং চালক আরিফুল ইসলামকে (৪৬) ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায় তারা। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়।
অন্যদিকে, গত ৫ নভেম্বর রাতে কুতুবখালী মৎস্য আড়তের পেছনে আরেক রাইড শেয়ারিং চালক মো. এনামুল মোর্শেদকে ধারালো চাকুর ভয় দেখিয়ে তাঁর টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাঁর ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে ৯৬ হাজার টাকা তুলে নেওয়া হয়। এ ঘটনায় দস্যুতা ও সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়।
পুলিশ জানায়, দুটি ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২১ নভেম্বর রাত ১০টার দিকে প্রথমে জোবায়ের আহাম্মেদ ইমন ও মোছা. জারাকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দ আব্দুল্লাহ আহাম্মেদ ও নূর আলম খান ওরফে রবিনকে গ্রেফতার করা হয়।
অভিযানে হত্যাকাণ্ড ও দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল, নিহত আরিফুল ইসলামের ইয়ামাহা মোটরসাইকেল ও মোবাইল ফোন, ছিনিয়ে নেওয়া আরেকটি মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, সুইচ গিয়ার চাকু, ইলেকট্রিক শকগান এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।


