South east bank ad

ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন   |   দুদক

ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম
ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, চিকিৎসকদের যথাসময়ে উপস্থিত না থাকা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২২ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে পরিচালিত এ অভিযানে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এনফোর্সমেন্ট টিমের সদস্যরা।

অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন ইউনিটে চিকিৎসাসেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালে বিপুলসংখ্যক রোগীর উপস্থিতি থাকলেও চিকিৎসকদের উপস্থিতি তুলনামূলকভাবে কম পাওয়া যায়। পাশাপাশি নির্ধারিত সময়ের পর চিকিৎসকদের হাসপাতালে আসার বিষয়টিও প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

পরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের উপস্থিতিতে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা। এ সময় ডেন্টাল বিভাগের এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে সেবাগ্রহীতাকে সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিতে প্রলুব্ধ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এ ছাড়া হাসপাতালের বহির্বিভাগে নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের খাবার সরবরাহের ক্ষেত্রেও বিভিন্ন অনিয়ম দেখতে পায় এনফোর্সমেন্ট টিম।

অভিযানকালে হাসপাতালের মালামাল ও ওষুধ কেনাকাটাসংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পরবর্তী সময়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
BBS cable ad