হাসিনা পরিবারের ১হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ, রেড নোটিশের আবেদন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুর্নীতির বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
তিনি জানান, শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করেছে দুদক। এর মধ্যে সাতটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ৫৯ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ, ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে। এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তদন্ত করা হচ্ছে।
দুদক সচিব আরও জানান, সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে নতুন করে কিছু সম্পদের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদের বিস্তারিত তথ্য জানতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে দুর্নীতির অভিযোগ প্রমাণ এবং বিচার নিশ্চিত করাই দুদকের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে সংশ্লিষ্ট আসামিদের বিচারের মুখোমুখি করতে চারজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।


