চার দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানি এবং দক্ষ কর্মী নিয়োগ বাড়াতে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বঙ্গভবনে চার দেশের নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঘানার হাইকমিশনার কোয়াসি অবিরি-ডানসো এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার রাষ্ট্রদূত কন্তে আলাসানে, ক্রিস্টি কারেলসন ও টমাস মেন্সিন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত ও পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং আইসিটি সেবা আমদানি বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন ও রপ্তানি করে। সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনে ওষুধ নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগ বাড়াতে স্লোভেনিয়া ও এস্তোনিয়াকে অনুরোধ করেন।
গিনি ও ঘানার প্রতি দক্ষ বাংলাদেশি কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের আহ্বান জানিয়ে তিনি কৃষি খাতে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
স্লোভেনিয়ার রাষ্ট্রদূত টমাস মেন্সিনের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। পাশাপাশি মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন।
ঘানার হাইকমিশনার কোয়াসি অবিরি-ডানসোর সঙ্গে আলোচনায় কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতে সহযোগিতা বাড়ানোর কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় তিনি ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
গিনির রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এ উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইং ও প্রিন্টিংয়ে কারিগরি সহায়তার আশ্বাস দেন।
এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি দেশটির ডিজিটাল গভর্ন্যান্সের অগ্রগতির প্রশংসা করেন। আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও ফিনটেক খাতে এস্তোনিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশের পাশাপাশি বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে বিনিয়োগের আহ্বান জানান।
রাষ্ট্রপতি নবনিযুক্ত কূটনীতিকদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


