South east bank ad

বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন   |   মন্ত্রী

বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত
মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে সরকার। এ লক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় বিজয় দিবসের জাতীয় কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণকালে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।

সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি জোরদার ও অধিকতর সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহন তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলেও নিরাপত্তা জোরদার করা হবে।

ট্রাফিক ব্যবস্থাপনায় ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক ও জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জরুরি সেবা নিশ্চিত করতে স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: