অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের সদস্য গ্রেফতার
অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. সোহেল রানা (২৬)।
রবিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুরের পাঁচপীর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
সিআইডি জানায়, গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত অনলাইন মনিটরিংয়ের সময় বিভিন্ন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সংঘবদ্ধ একটি চক্রের অবৈধ জুয়া পরিচালনা ও অর্থপাচারের তথ্য পাওয়া যায়। চক্রটি আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এসব কার্যক্রমের অর্থ লেনদেনে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নম্বর ও ব্যাংক হিসাব ব্যবহার করা হতো। দেশের বিভিন্ন এলাকায় নিয়োজিত এজেন্টদের মাধ্যমে জুয়ার অর্থ সংগ্রহ করে কমিশন রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে জানিয়েছে সিআইডি।
এ ঘটনায় গত ১৯ মে পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সংস্থাটি।
তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করে।
সিআইডি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং মামলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


