South east bank ad

৪৩০০ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচনের পরিকল্পনা ইসির

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন   |   নির্বাচন কমিশন

৪৩০০ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচনের পরিকল্পনা ইসির
দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারিকে কেন্দ্র করে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করতে চায় কমিশন।

সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

পঞ্চম ধাপে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে থাকবে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে। আগামী বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে ইউনিয়নগুলোর বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে।

ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় নির্বাচনের মতোই সংলাপ করবে কমিশন। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপের নির্বাচনের সময়সূচি সম্পর্কে তিনি বলেন, ২১ জানুয়ারিকে কেন্দ্র করে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ বিষয়ে সময়সূচি ঘোষণা করবেন।

স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, কমিশন মনে করে না যে এতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করবে।

নির্বাচন আইন সংশোধনের বিষয়ে তিনি জানান, তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে এখনো কোনো রাজনৈতিক দল কমিশনের কাছে দাবি জানায়নি। তবে নির্বাচনী পরিবেশ বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর সমস্যাও আলোচনায় আসে। সানাউল্লাহ জানান, গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা দেখা দিয়েছে। তবে এতে এনআইডির কোনো সেবা বন্ধ নেই। সমস্যা সমাধানের কাজ চলছে।

এনআইডি সেবার চুক্তি নবায়ন না হওয়া এবং অডিট আপত্তি অনিষ্পন্ন থাকার বিষয়েও আলোচনা হয়েছে। কমিশন ভবিষ্যতে সব কার্যক্রম চুক্তির আওতায় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আগামী পরশু একটি কর্মশালার আয়োজন করা হবে। সেখানে এনআইডি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা হবে। কর্মশালায় সাংবাদিকদের প্রতিনিধিরাও অংশ নেবেন।

অন্যদিকে, সংরক্ষিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিষ্পত্তির কাজ গাজীপুর থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে। প্রথমে মাঠপর্যায়ে এসব মেশিনের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। পরে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ অনুযায়ী নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।

ইভিএম-সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ২৩ কোটি টাকা পাওনা পরিশোধের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, আগের কমিশন নির্দিষ্ট কারণ দেখিয়ে ওই অর্থ পরিশোধ বন্ধ রেখেছিল। বিষয়টির পূর্ণাঙ্গ অবস্থা ও সিদ্ধান্তের ভিত্তি না জেনে বর্তমান কমিশন আগের সিদ্ধান্ত পরিবর্তন করতে চায় না।

BBS cable ad