শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দুদকের অভিযান

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন   |   দুদক

ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দুদকের অভিযান
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ ও নিলাম কার্যক্রমে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। 

অভিযোগ রয়েছে, হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়ে জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়া তত্ত্বাবধায়ক নিজের ও স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের নিলাম কার্যক্রমে অননুমোদিতভাবে অংশ নিয়েছেন।

অভিযানকালে দুদকের টিম যমুনা ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে।

পর্যালোচনায় দেখা যায়, হাসপাতালের তত্ত্বাবধায়কের স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নিলামে বিজয়ী হয়েছে। এতে নিলাম প্রক্রিয়ায় তত্ত্বাবধায়কের প্রভাব বিস্তারের সম্ভাবনা ও স্বার্থের সংঘাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

দুদক জানিয়েছে, অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিত যাচাই-বাছাই শেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।
BBS cable ad