South east bank ad

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যের অনুপ্রবেশ

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন   |   দেশ

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যের অনুপ্রবেশ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশের পর সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির টহল দল তাকে আটক করে।


পরে রাত ৭টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলারের কাছে উভয় দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ৮টার দিকে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের বিছনাকান্দি বিওপির টহল দল সীমান্তের ২০০ গজ বাংলাদেশের ভেতর থেকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতে অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।

এদিকে স্থানীয়দের দাবি, বিছনাকান্দি পর্যটন স্পটসংলগ্ন এলাকায় সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই বাংলাদেশীকে গালিগালাজ করেন। একপর্যায়ে লাঠি হাতে তাদের দিকে তেড়ে আসেন। এ সময় সেখানে বিজিবির টহল দলের সদস্যরা তাকে বাধা দিলে তিনি তাদের দিকেও তেড়ে যান। পরে বিজিবি সদস্যরা তাকে হেফাজতে নেন।
BBS cable ad