South east bank ad

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২১, মামলা ৪০

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২১, মামলা ৪০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগে ৪৪ জন, ওয়ারীতে ৭০ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মিরপুরে ১৫০ জন, গুলশানে ৩৩ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন এবং ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা, নয়টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
BBS cable ad