আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ প্রকৌশলী আটক
বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ১ লাখ টাকা ঘুষসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর একটি দল ফাঁদ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
দুদক সূত্রে জানা যায়, Local Government COVID-19 Response and Recovery Project-এর আওতায় রাস্তা নির্মাণকাজের ঠিকাদারি কার্যক্রমে পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন প্রকৌশলী রুবেল খান। বৈধ বিল আটকে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে তিনি এ টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়াসহ বৈধ বিল অনুমোদনের সুপারিশ না করার কথা বলে ঠিকাদারকে হয়রানি করেন ওই কর্মকর্তা। পরে তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরতে দুদকের কাছে ফাঁদ অভিযানের আবেদন করেন ঠিকাদার।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে সোমবার অভিযান চালিয়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় মো. রুবেল খানকে আটক করে দুদকের দল।
এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীতে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক প্রকৌশলীকে জেলহাজতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।


