ঢাকা-১৫–এর সমস্যা সমাধানে সরকার-জামায়াতের যৌথ উদ্যোগ
বুধবার (১ জুলাই) ঢাকা-১৫ আসনের পানি ও গ্যাস সংকট, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল দখলমুক্তকরণ এবং পরিচ্ছন্নতাসহ জনসেবামূলক কার্যক্রমে জনগণকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আজ পশ্চিম শেওড়াপাড়া, পূর্ব মনিপুর, বাইশটেকী ও ইব্রাহিমপুর এলাকায় পৃথক মতবিনিময় সভা ও সরেজমিন পরিদর্শনে তারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া এলাকার সমস্যা সমাধান সম্ভব নয়। অন্যদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-১৫ আসনের সমস্যাগুলো সমাধানে সরকার ও ডিএনসিসি একযোগে কাজ করবে।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, পরিচ্ছন্ন ঢাকা ও ডেঙ্গুমুক্ত নগর গড়তে চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে। সভায় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুর এলাকায় পানির সংকট নিরসনে পাঁচটি পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য তিনজনই নিজ নিজ তহবিল থেকে প্রতিটি পাম্পে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।


