নাসিরনগরে আধুনিক স্টেডিয়াম নির্মাণের ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নাসিরনগরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলার উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে রাষ্ট্রের গুণগত ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নাসিরনগরে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলে মাঠের চারপাশে উন্নত গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম চলমান রয়েছে। জনগণের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।
এর আগে দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানগুলোতে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


