South east bank ad

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন   |   মন্ত্রী

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী
ঢাকায় তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড। শিক্ষা, ইংরেজি ভাষা, সংস্কৃতি ও তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারিত্ব আরও জোরদার করাই তাঁর সফরের লক্ষ্য।

৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত সফরে ঢাকাসহ রাজশাহী সফর করবেন স্কট। এ সময় সরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সফরের প্রথম দিনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন স্কট। বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রাধিকার ও দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরে টেন মিনিট স্কুলের প্রতিনিধিদের সঙ্গে ইংরেজি শিক্ষা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্যায়ন পদ্ধতিতে অংশগ্রহণের সুযোগ বাড়ানো নিয়ে আলোচনা করেন তিনি।

যুক্তরাজ্যে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থী ও ব্রিটিশ কাউন্সিলের অনুদানপ্রাপ্তদের একটি আয়োজনে অংশ নিয়ে স্কট বলেন, ১৯৫১ সাল থেকে বাংলাদেশে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। শিক্ষা, সংস্কৃতি ও দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিনের সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

রাজশাহী সফরে হেলেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন স্কট। সেখানে ৬৪১ জন শিক্ষকের সাক্ষাৎকার ও ৩২টি শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি ‘ইংলিশ টিচার্স নিডস ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যানালাইসিস’ প্রতিবেদন প্রকাশ করা হবে।

এ ছাড়া রাজশাহীতে প্রজেক্ট হেডওয়ের নেতৃত্ব, বরেন্দ্র গবেষণা জাদুঘর, ‘ইয়ুথ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স’ প্রকল্পের তরুণ এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। জেলা শিল্পকলা একাডেমিতে ‘তবুও জেগে উঠি’ নাটকও দেখবেন স্কট।

সফরের শেষ পর্যায়ে ঢাকায় উচ্চশিক্ষা, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং ব্রিটিশ কাউন্সিলের ২১০টির বেশি অংশীদার স্কুলের নেটওয়ার্ক নিয়ে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন তিনি।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: