শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে প্রায় ২১ কোটি টাকা দিল চার প্রতিষ্ঠান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৪টি প্রতিষ্ঠান তাদের বিগত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে মোট ২০ কোটি ৭৩ লাখ টাকা জমা দিয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে তার কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদল এই অনুদানের চেক হস্তান্তর করেন।
শ্রম আইন অনুযায়ী স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিকদের কল্যাণে গঠিত এই তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। আজ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ৭ কোটি ৫৯ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড পিএলসি ৭ কোটি ১৭ লাখ টাকা, বিকাশ লিমিটেড ৪ কোটি ৭৯ লাখ টাকা এবং এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড ১ কোটি ১৭ লাখ টাকা তাদের লভ্যাংশের অংশ হিসেবে জমা দেয়।
চেক গ্রহণকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণ, দুস্থ ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এবং তাদের সন্তানদের শিক্ষা সহায়তা প্রদানে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিয়মিত লভ্যাংশের অংশ জমা দেওয়ার জন্য উপস্থিত ৪টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়।
একইসঙ্গে অন্যান্য সব প্রতিষ্ঠানকেও তাদের নির্দিষ্ট অংশ জমা দেওয়ার আহ্বান জানানো হয়।


