শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব-উত্তরায় সড়ক অবরোধ
মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ তুলে তারা এ দাবি জানাচ্ছেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব ও বেলা ১১টার দিকে উত্তরায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। শিক্ষার্থীদের অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয় পরীক্ষার্থীদের একটি অংশ। তারা ‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরি করে সোমবার (১৩ জুলাই) কর্মসূচির ঘোষণা দেয়।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ কয়েকটি স্থানে সড়কে অবস্থানের ঘোষণা দেন ঢাকার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। এ ছাড়া রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এবং সরকারি রাজেন্দ্র কলেজ, রংপুর জিলা স্কুলসহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দুর্যোগ, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে সোমবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে বহু পরীক্ষার্থী চরম ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল দায়িত্বজ্ঞানহীন, অমানবিক এবং শিক্ষাবান্ধব নীতির পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার দায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এড়াতে পারেন না। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার চেয়ে একটি পরীক্ষার সময়সূচিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে সায়েন্সল্যাব অবরোধ করার কথা ছিল শিক্ষার্থীদের। কিন্তু জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করার কথা জানায় শিক্ষার্থীরা। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে গিয়ে সড়কে অবরোধ করেন।
সায়েন্সল্যাব মোড়ের এই বিক্ষোভ ও অবরোধে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন।
একই দাবিতে বেলা ১১টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ দুই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ।


