শিগগিরই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর
মঙ্গলবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আজ সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত জাদুঘরের নির্মাণ ও সংস্কার কাজ প্রায় শেষ। পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে এবং আগামী দুই-এক দিনের মধ্যে জনবল নিয়োগ চূড়ান্ত করা হবে। এরপর প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় অনুযায়ী উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে।
মন্ত্রী বলেন, জাদুঘর পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া, জনবল কাঠামো ও বিধিমালা প্রণয়নের কারণেই উদ্বোধনে কিছুটা সময় লেগেছে।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে ১৫ জুলাই থেকে দেশব্যাপী সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি এসব কর্মসূচি প্রচারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।


