নতুন শিক্ষায় বইয়ের সঙ্গে থাকবে গাইড ও ভিডিও লেসন
রবিবার (১২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার সমন্বিত ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে। নতুন ব্যবস্থায় শুধু পাঠ্যবই নয়, প্রতিটি বিষয়ের সঙ্গে শিক্ষক গাইড, ওয়ার্কবুক, রেমিডিয়াল গাইড এবং ভিডিও লেসনও থাকবে।
আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, ২০২৮ সালের জন্য দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় শিক্ষাক্রম প্রণয়নে কাজ চলছে। নতুন কারিকুলামে মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে দক্ষতা, সমস্যা সমাধান, নেতৃত্ব, দলগত কাজ, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপরও বিশেষ জোর দেওয়া হবে।
তিনি আরও বলেন, সংস্কৃতি ও ক্রীড়া শিক্ষা শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তবতা বিবেচনায় কার্যকর কারিকুলাম প্রণয়ন করা হবে।


