ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন
শনিবার (৬ জুন) ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীকে সচেতন করতে তিন মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত বলেন, শুধুমাত্র হাসপাতাল নির্মাণ, সরকারি উদ্যোগ বা চিকিৎসকদের প্রচেষ্টায় জনস্বাস্থ্যের উন্নয়ন সম্ভব নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।
তিনি বলেন, হামের টিকাদান কর্মসূচির মতো জনগণের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধেও সফলতা অর্জন সম্ভব।
সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, আগামী তিন মাস ধরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি নগরবাসীকে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতি শুক্রবার জুমার নামাজে ইমামদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হবে। পাশাপাশি আবাসিক সোসাইটিগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরকারি সহায়তা দেওয়া হবে এবং প্রয়োজন হলে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে গুলশান সেন্ট্রাল পার্ক থেকে শুরু হয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পার্কে শেষ হওয়া এক বর্ণাঢ্য র্যালিতে প্রতিমন্ত্রী, ডিএনসিসি প্রশাসক, বিভিন্ন সোসাইটির নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।


