ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮০ জন ব্যবসায়ীকে নগদ সহায়তা প্রদান
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ও ‘নারী মৈত্রী’ এনজিওর সহায়তায় জেলা প্রশাসন, ঢাকা কর্তৃক বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮০ জন ব্যবসায়ীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বঙ্গবাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা করে মোট ২৪ লক্ষ টাকা বিতরণ করেন।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার “নগদ” এর মাধ্যমে ব্যবসায়ীদের মোবাইল একাউন্টে অর্থ প্রেরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক, ঢাকা বলেন, “বঙ্গবাজার দূর্ঘটনায় ‘নারী মৈত্রীর’ এই উদ্যোগ প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় জেলা প্রশসান, ঢাকা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী-কর্মচারীদের পুনর্বাসনে কাজ করছে। আমাদের এরকম উদ্যোগ আরো বৃহৎ পরিসরে চলমান থাকবে।
অর্থ সহায়তা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসার্ন ওয়াল্ড ওয়াইডের সম্মানিত কান্ট্রি ডিরেক্টর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ রতন। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করে নারী মৈত্রীর সম্মানিত নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলি।
উল্লেখ্য,বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সহায়তা ও পুনবার্সনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। অগ্নিকাণ্ডের অব্যবহিত পরই ঘটনাস্থলে তথ্য ও সহায়তা কেন্দ্র খুলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের তালিকা প্রণয়ন করেছে ঢাকা জেলা প্রশাসন। তালিকা অনুযায়ী ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে দোকান কর্মচারী ও ব্যবসায়ীদের ২৫০০০ টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। এদিকে জেলা প্রশাসন ঢাকা গত ১৭ এপ্রিল ৫০ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেন, বিভাগীয় কমিশনার, ঢাকা ১১ জন দোকান কমচারীকে ১০,০০০ টাকা করে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। গত ১৯ এপ্রিল, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় ১০০ জন ব্যবসায়ীকে ১ কোটি টাকার অর্থ অনুদান প্রদান করা হয়। একইদিন দুপুরে জেলা প্রশাসক ঢাকার সম্মেলন কক্ষে বঙ্গবাজারের ৬০ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০,০০০ - ১,০০,০০০ টাকা করে সর্বমোট ২০ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ পযর্ন্ত জেলা প্রশাসন, ঢাকার উদ্যোগে মোট ১ কোটি ৩১ লক্ষ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
গত ২১ এপ্রি জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা'র সম্মেলন কক্ষে বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০০ দোকান কর্মচারীকে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক, ঢাকা জনাব মোহাম্মদ মমিনুর রহমান।


