South east bank ad

খেলাধুলাই গড়বে সুন্দর বাংলাদেশ: আমিনুল হক

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন   |   মন্ত্রী

খেলাধুলাই গড়বে সুন্দর বাংলাদেশ: আমিনুল হক
দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার (রংপুর বিভাগ) উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলার প্রসার ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ৩০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যে আরও খেলোয়াড় ও কোচকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। নির্বাচিত ৩০৬ জন উদীয়মান ও প্রতিভাবান অ্যাথলেট বর্তমানে বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন। দেশজুড়ে ‘স্পোর্টস ভিলেজ’ ও প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দিনাজপুর বিকেএসপিকেও পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ করা হবে।

যুব কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। গত ছয় মাসে ফ্রিল্যান্সিং খাত থেকে ৩৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের ‘আর্ন’ (EARN) প্রকল্পের মাধ্যমে দেশের ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। দিনাজপুরের ১০টি উপজেলায়ও প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
BBS cable ad