South east bank ad

সমন্বিত অভিযান নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন   |   মন্ত্রী

সমন্বিত অভিযান নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযানের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের শুভারম্ভ ফলক উন্মোচন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপির নিজস্ব সদর দপ্তর নির্মাণে গণপূর্ত মন্ত্রণালয় ৩ দশমিক ৪২৮ একর জমি বরাদ্দ দিয়েছে। খিলগাঁওয়ের বর্তমান সদর দপ্তরের জায়গা সংকট ও যাতায়াতের সীমাবদ্ধতা দূর করতে তেজগাঁওয়ে আধুনিক ও বৃহৎ অবকাঠামো নির্মাণ করা হবে।

তিনি জানান, দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার, ৬০ হাজার অঙ্গীভূত আনসার এবং ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। আনসার বাহিনীর আবাসন সংকট নিরসনে আশুলিয়া ও শেরেবাংলা নগরেও অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরি করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোমেশন ও এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরছে।
BBS cable ad