South east bank ad

ফেনীতে মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

ফেনীতে মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 
ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মানুষকে বন্যার হাত থেকে বাঁচাতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় এই প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন আমরা সেটি বাস্তবায়ন করতে এসেছি।

ফলক উন্মোচনের পরপরই প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর আনুষ্ঠানিকভাবে নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা অনুমিত ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে।

পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

এর আগে ঢাকা থেকে সড়কপথে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকার সমাবেশস্থলে আসেন প্রধানমন্ত্রী। পরে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলার শীর্ষ নেতারা।
BBS cable ad