শিরোনাম

South east bank ad

রাজধানীর খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে দুই কমিটি

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন   |   সিটি কর্পোরেশন

রাজধানীর খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে দুই কমিটি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সব খালের সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (১০ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় রাজধানীর খাল খনন, পুনরুদ্ধার, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলাবদ্ধতা নিরসনের চলমান কার্যক্রমের অগ্রগতি ও করণীয় নিয়ে আলোচনা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে গঠিত কমিটিতে সিটি কর্পোরেশন, রাজউক, ঢাকা জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা থাকবেন। তারা খালগুলোর সঠিক সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর খাল, লেক ও জলাধার পরিবেশ সংরক্ষণের পাশাপাশি টেকসই পানি ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসন্ন বর্ষা মৌসুমের আগে খালগুলো দ্রুত পরিষ্কার করে বৃষ্টির পানি প্রবাহের উপযোগী করতে প্রয়োজনীয় অর্থায়ন, জনবল ও প্রশাসনিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বিভিন্ন ম্যাপে খালের সীমানার অসঙ্গতি এবং একাধিক সংস্থার সম্পৃক্ততার কারণে একযোগে সব খালে কাজ করা কঠিন হলেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে তা সম্ভব। এ লক্ষ্যে পাইলট প্রকল্প হিসেবে বাইশটেকি খাল ও কল্যাণপুর রিটেনশন পন্ড সম্প্রসারণের জটিলতা দূর করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: