দায়িত্বশীলভাবে মুক্তবুদ্ধির চর্চার আহ্বান
বিশ্ববিদ্যালয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা ও মতপ্রকাশ করতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে মুক্তভাবে কথা বলা ও মতপ্রকাশের সুযোগ থাকতে হবে। তবে স্বাধীন চিন্তার পাশাপাশি দায়িত্ববোধও জরুরি। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষার অন্যতম চ্যালেঞ্জ হলো মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি। এ জন্য শিক্ষাকে কর্মবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্বিশেষে মানসম্মত গবেষণায় ইউজিসি সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমানসহ শিক্ষক, বিওটি সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


