South east bank ad

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন   |   মন্ত্রী

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ
গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থক সাংবাদিকদের সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’ আত্মপ্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান কমিটি ঘোষণা করেন। এতে ‘ফেস দ্য পিপল’-এর সম্পাদক সাইফুর সাগরকে আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের আহসান কামরুলকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দৈনিক জাতীয় অর্থনীতির প্রকাশক লুৎফর রহমান বাদল, দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমি, মাহমুদ রাকিব, আকতার হাবীব, শিমুল পারভেজ, রিয়াজুর রহমান রিয়াজ ও ইসরাফিল ফরাজী। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আবদুর রহিম, কেফায়েত শাকিল, নুরুল ইসলাম খান মামুন, ওবায়দুর রহমান, একেএম রেজাউল করিম, নিজাম উদ্দিন দরবেশ ও রহমতুল্লাহকে।

সদস্য হিসেবে রয়েছেন খোমেনি এহসান, আল ইমরান, অন্তু মোজাহিদ, জালাল আহমেদ, রাকেশ রহমান, সাজ্জাদ হোসেন, ফখরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মিফতাহুল জান্নাত, ফারজানা ববি, তাসবির ইকবাল, মোর্শেদুল আলম, কেফায়েত রুমী, মেহেদী হাসান বাপ্পি, রাশেদ মানিক, ওমর ফারুক, এইচএম ইমরান হোসেন ও মেহরাজ রাব্বি।

আহ্বায়ক সাইফুর সাগর বলেন, সময়ের প্রয়োজনে জুলাই জার্নালিস্ট ইউনিটি গঠিত হয়েছে। জুলাইপন্থী সব সাংবাদিকের জন্য সংগঠনটি উন্মুক্ত থাকবে। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সদস্য সচিব আহসান কামরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংবাদমাধ্যম প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারলেও এখনো মানুষের প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে কাজ করার লক্ষ্যেই তারা ঐক্যবদ্ধ হয়েছেন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, অন্যদের সমালোচনার আগে নিজেদের আত্মসমালোচনা করতে হবে। পূর্ববর্তীদের মতো যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, সাংবাদিকদের অংশগ্রহণ ছাড়া গণঅভ্যুত্থান সম্ভব ছিল না। দলান্ধতার পরিবর্তে সাংবাদিকদের দেশের জন্য কাজ করে যেতে হবে।

আলোকচিত্রী শহীদুল আলম বলেন, প্রেসক্লাবে শেখ হাসিনার ছবি সাংবাদিকরাই ঝুলিয়েছিলেন। ভবিষ্যতে যেন একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেজন্য জনগণের জন্য নিরপেক্ষ সাংবাদিকতা করতে হবে।

জেজেইউর যুগ্ম আহ্বায়ক তালুকদার রুমি বলেন, ফ্যাসিবাদের সময়েও বহু সাংবাদিক আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। তারা তখন যেমন বঞ্চিত ছিলেন, এখনো বঞ্চিত। জুলাইয়ের সাংবাদিকদের ন্যায্য হিস্যা আদায়ে জেজেইউ কাজ করবে।

স্বাগত বক্তব্যে অনলাইন বাংলার সম্পাদক ও জেজেইউ সদস্য খোমেনি এহসান বলেন, সংগঠনটির মূল লক্ষ্য নির্ভয়ে সত্য বলার অধিকার নিশ্চিত করা। হামলা, মামলা ও চাকরিচ্যুতির হুমকি যেন সাংবাদিকের কলম থামিয়ে দিতে না পারে, সেটি নিশ্চিত করতে তারা কাজ করবেন। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন ও শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামানও বক্তব্য দেন। তারা দেরিতে হলেও সংগঠনটির আত্মপ্রকাশে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে চরম বিরোধীরাও যেন অন্যায়ের শিকার না হন, সেদিকেও নজর রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: