উদ্ভাবনকে ধারণা থেকে বাজারে নিতে হবে: বিজ্ঞানমন্ত্রী
উদ্ভাবনকে অর্থনৈতিক ও সামাজিক মূল্যে রূপান্তর করতে অর্থায়ন, নীতিগত সহায়তা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব, মেধাস্বত্ব সুরক্ষা ও বাজারে প্রবেশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন। এবারের প্রতিপাদ্য ‘Innovate to Market’।
মেলায় ১০০ জনের বেশি উদ্ভাবক এক হাজারেরও বেশি উদ্ভাবন প্রদর্শন করবেন। এতে দেশের ৭৩টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাংক, করপোরেট ও শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থা অংশ নেবে।
মন্ত্রী বলেন, সরকার, শিক্ষাঙ্গন, শিল্পখাত, অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সমন্বয়ে শক্তিশালী বাজারমুখী উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তুলতে এ মেলার আয়োজন করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, মেলায় ৬টি প্লেনারি, ৬টি প্যারালাল ও ৫টি গোলটেবিল বৈঠকসহ মোট ১৭টি সেশন অনুষ্ঠিত হবে। মেলা শেষে সম্ভাবনাময় উদ্ভাবনগুলোর উন্নয়ন, অর্থায়ন, মেধাস্বত্ব সুরক্ষা ও বাজারজাতকরণে সহায়তার জন্য ‘ইনোভেশন হাব’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।


