South east bank ad

দেশে খাদ্যশস্যের মজুদ বেড়েছে দেড় লাখ টন

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

দেশে খাদ্যশস্যের মজুদ বেড়েছে দেড় লাখ টন

দেশে সরকারি খাদ্যশস্যের মজুদ বেড়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন।
গত ৯ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। গত সাত মাসে মজুদ বেড়েছে এক লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন।

খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি মজুদে চাল রয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০২ মেট্রিক টন, গম দুই লাখ ৩২ হাজার ১৮৩ টন এবং ধান ৩৪ হাজার ৭০ টন। ফ্লোটিং মজুদসহ মোট মজুদের পরিমাণ ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ টন।
এর মধ্যে ফ্লোটিং মজুদ হিসেবে গম রয়েছে ৬৮ হাজার ৭২৩ টন।

এক প্রতিবেদনে বাসস জানায়, গত বছরের ৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তির সময় দেশে চাল ও গম মিলিয়ে সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল ২১ লাখ ৩১ হাজার টন। ওই সময় চাল ছিল ১৯ লাখ ৫৪ হাজার এবং গম এক লাখ ৭৭ হাজার টন। সে হিসাবে এক বছরের ব্যবধানে মজুদ বেড়েছে দুই লাখ ২৮ হাজার ১৫৪ টন।

খাদ্য মন্ত্রণালয়ের তুলনামূলক পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে দেশে সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৩৩০ টন। সেই হিসাবে বর্তমানে মজুদ বেড়েছে প্রায় ছয় লাখ ৭৫ হাজার টন।

এদিকে সরকারি খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতাও বাড়ানো হয়েছে। আগে সরকারি গুদামগুলোর ধারণক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ টন। বর্তমানে তা বেড়ে ২৭ লাখ টনে উন্নীত হয়েছে।

BBS cable ad