বুয়েটের ১৬তম উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. একরামুল হক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. একরামুল হক।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়। বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. একরামুল হক বিশ্ববিদ্যালয়টির ১৬তম উপাচার্য হিসেবে গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন।
ড. একরামুল হক ১৯৮৯ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং (মেধাতালিকায় তৃতীয় স্থান) সম্পন্ন করেন। একই বছর তিনি প্রতিষ্ঠানটির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
ড. একরামুল হক ২০১৭ সাল থেকে গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনের (বিআরটিসি) পরিচালক হিসেবেও কাজ করছেন।
ড. একরামুল হক ১৯৯৬ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।


