বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও দক্ষতায় অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করতে কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার রেডিসন হোটেলে অক্সফোর্ড একিউএ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত ‘স্কুল লিডারস কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থী যে মাধ্যমেই পড়াশোনা করুক না কেন, তার মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড থাকা জরুরি। ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকবে, তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়।
তিনি বলেন, কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। বিদ্যালয়ের সময় ও কার্যকর লার্নিং আওয়ার, শ্রেণিকক্ষের আয়তন অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করতে ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা প্রয়োজন।
ভবিষ্যতের প্রাথমিক শিক্ষায় অ্যাক্টিভিটি-বেজড লার্নিং ও খেলাধুলার মাধ্যমে শেখার ওপর গুরুত্ব দেওয়া হবে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোর অভিজ্ঞতা ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের (এলএমএস) কার্যকর ব্যবহার থেকেও সরকার শিক্ষা নিতে চায়।
নতুন কারিকুলাম প্রণয়নে সংশ্লিষ্টদের মতামত নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কারিকুলাম তৈরির সময় কারও যেন বলার সুযোগ না থাকে যে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। সবার অভিজ্ঞতা ও মতামত নিয়ে এগিয়ে যেতে চায় সরকার।
অনুষ্ঠানে অক্সফোর্ড একিউএ’র বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিসহ বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


