স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মাদকের বিরুদ্ধে সংসদ সদস্যদের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, মাদক নির্মূলে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। এছাড়া কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ ছাড়াই গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে জানানো হয়।
বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ও ব্যয় পরিকল্পনার বিস্তারিত তথ্যও উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ এমপি, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপিসহ কমিটির সদস্যরা অংশ নেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


