পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন যৌথভাবে কাজ করবে
মঙ্গলবার (১১ আগস্ট) পানিসম্পদ ব্যবস্থাপনা, বন্যা, খরা, জলাবদ্ধতা ও নদীভাঙন মোকাবিলায় বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
আজ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের (Yao Wen) সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক রয়েছে। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও গবেষণায় চীনের সহযোগিতা কামনা করেন তিনি।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন আগ্রহী। বন্যা, খরা, জলাবদ্ধতা ও নদীভাঙন রোধে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন এবং চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং (Song Yang) উপস্থিত ছিলেন।


